দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সব ধরনের বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বৈশ্বিক পর্যায়ে বৈষম্য দূর, সাম্য প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।
সোমবার ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এ ‘ইন্টারন্যাশনাল ডে ফর টি এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন’ উপলক্ষ্যে আয়োজিত স্মারক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের অংশগ্রহণ দেশটির নীতিগত অবস্থানের প্রতিফলন। তিনি বর্ণবাদ নির্মূলে বাংলাদেশের অটুট প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ড. রহমান রাখাইন অঞ্চল এবং গাজায় চলমান মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তিনি সতর্ক করে বলেন, বৈষম্য ও দমনপীড়ন বিশ্ব শান্তি ও ন্যায়বিচারের পথে বড় বাধা হয়ে রয়েছে।
বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের শোষণ, বৈষম্য এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব পরিস্থিতিকে জাতিসংঘ সনদের মৌলিক আদর্শের পরিপন্থী উল্লেখ করে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের সাংবিধানিক মূল্যবোধ তুলে ধরে তিনি বলেন, মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে।
বর্ণবাদমুক্ত বিশ্ব গঠনে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।
