লোড হচ্ছে...
লোড হচ্ছে...

২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান, জিডিপিতে অবদান হবে ৩৫ শতাংশ

প্রকাশিত: 22 নভেম্বর 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ২০৩১ সালের মধ্যে এ খাতে নতুন করে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পনীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নতুন নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করাই নতুন নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি জেলায় প্রতিবছর ১০০ জন করে উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে চার বছরে ২৫ হাজার ৬০০ জন নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, স্বনির্ভরতা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকল্প নেই। এ খাত নারী উদ্যোক্তা তৈরির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। বিশ্বজুড়ে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে এ খাতের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মূলধনের অভাব, আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এ খাতের বিকাশের বড় বাধা। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে পণ্যের পরিচিতি তৈরি, ডিজিটাল বিপণন ও অনলাইন বাণিজ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘বাংলাদেশে তৈরি’ ও ‘বাংলাদেশে সৃষ্ট’ পরিচিতির মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং ভৌগোলিক নির্দেশক, পণ্য পরিচিতি ও নকশা নিবন্ধনে উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হবে।

তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সময় এসেছে।

ইতালির শিল্পগুচ্ছভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোথাও চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক পণ্য তৈরি হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ের মাধ্যমে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্পগুচ্ছ চিহ্নিত করেছে। এসব শিল্পগুচ্ছকে ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আওতায় বিকশিত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় সৃজনশীলতা ও নকশা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে।

সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে পণ্য মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, এতে বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং রপ্তানি আদেশ পাওয়ার সুযোগ বাড়বে।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। অনেকে পণ্যের ক্রয়াদেশ দিতে চাইলেও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিকভাবে পণ্যের ক্রয়াদেশ দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থ লেনদেনের ব্যবস্থা সেখানেই থাকে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলায় অংশগ্রহণকারী উদ্

যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাঁরা পোশাক, বুটিক, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অনলাইনভিত্তিক ব্যবসার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন।

নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক যোগাযোগ ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করার সামর্থ্য অর্জন করতে হবে।

অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা পুরস্কার ২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে ছিল বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তা, বর্ষসেরা নতুন উদ্যোগ, পরিবেশবান্ধব শিল্প, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ এবং বিশেষ উদ্যোক্তা।

এর আগে সকাল ১১টার দিকে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারিত হয়েছে। ফলে উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক সুবিধা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে শিল্পের বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman