লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তিস্তার পানি বিপদসীমার ওপরে

প্রকাশিত: 10 জুলাই 2026

14 Views

The Civilians News

উজানের ঢল আর ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপদসীমার ওপরে। বৃহস্পতিবার রাত ৮টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

খুলে দেওয়া হয়েছে সবকটি জলকপাট।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপদসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার (এমএসএল)। আজ রাত ৮টায় সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৬ মিটার, যা বিপৎসীমার ০১ সেন্টিমিটার ওপরে।

উজানের পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিস্তার পানি বাড়া অব্যাহত থাকলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

তবে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত রাখা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে আজ মধ্য রাত পর্যন্ত তিস্তার পানি আরও বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, আগামী তিন দিন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পানি সাময়িক কমলেও নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকা প্রয়োজন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman