দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান অসুস্থ থাকাকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে ভারতীয় দূতাবাস অনুরোধ জানিয়েছিল বলে দাবি করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এ বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।
সাম্প্রতিক সময়ে জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ডা. শফিকুর রহমান অসুস্থ থাকাকালে বিভিন্ন দেশের কূটনীতিক তাকে দেখতে এসেছিলেন। সেই ধারাবাহিকতায় ভারতীয় দূতাবাস থেকেও তাকে দেখতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
তিনি বলেন, “অসুস্থ একজন মানুষকে দেখতে চাওয়ার ক্ষেত্রে বাধার কিছু নেই। আমরা সেই অনুরোধে সম্মতি দিয়েছি। তবে সেখানে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।”
তাহের আরও জানান, যারা দেখতে এসেছিলেন তারা বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ করেছিলেন এবং জামায়াত সেই অনুরোধ সম্মান করেছে। “এটা এর বেশি কিছু নয়,” বলেন তিনি।
নির্বাচনে বহির্শক্তির প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশে নির্বাচন ঘিরে বিদেশি প্রভাবের অভিযোগ নতুন নয়। অতীতেও এ ধরনের অভিযোগ শোনা গেছে, যদিও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।
তিনি বলেন, “কালচারালি অতীতে যেসব বিষয় আমরা দেখেছি, সেই রকম সম্পর্ক বা যোগাযোগের কথা শোনা যায়। তবে আমাদের কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই।”
নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে কি না জানতে চাইলে তাহের বলেন, জামায়াত কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) লঙ্ঘনের বিষয়ে যেন কঠোর নজরদারি থাকে। তিনি উল্লেখ করেন, ২১ জানুয়ারির আগে রাজনৈতিক সফর বা প্রতীক ব্যবহার করে প্রচারের সুযোগ নেই।
এই বিষয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির।
