লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জকসু ভিপির ঐক্যের বার্তা

প্রকাশিত: 07 জানুয়ারী 2026

231 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে সহসভাপতি ভিপি হিসেবে নির্বাচিত মো. রিয়াজুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত এবং সে রায়ের প্রতি তিনি পূর্ণ শ্রদ্ধাশীল। বুধবার ৭ জানুয়ারি মধ্যরাতে ফল ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক ও মেধাবী। তারা নিজ নিজ বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকেই ভোট দিয়েছেন। কেউ ছাত্রদলকে বেছে নিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলকে ভোট দিয়েছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি।

নির্বাচনের ফলাফল নিয়ে ‘ভূমিধস বিজয়’ শব্দ ব্যবহার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের বড় শব্দ ব্যবহার করতে তিনি আগ্রহী নন। তার ভাষায়, জয় পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে। ছাত্র সংসদ নির্বাচন মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার একটি প্রক্রিয়া মাত্র।

নির্বাচনের পর ক্যাম্পাসে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বিভাজন তিনি চান না। নির্বাচনের আগেও যেভাবে বিভিন্ন প্যানেলের সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, ভবিষ্যতেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান বলে তিনি জানান।

বিশ্লেষকদের মতে, নবনির্বাচিত ভিপির এই বক্তব্য ক্যাম্পাসে সহাবস্থান ও গণতান্ত্রিক চর্চা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত জকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগই হবে বড় চ্যালেঞ্জ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman