লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় নাগরিক পার্টি গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে মাঠে নামবে

প্রকাশিত: 10 জানুয়ারী 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে। শনিবার (১০ জানুয়ারি) দলীয় সূত্রে জানা যায়, নিজের প্রার্থী থাকা আসনে প্রার্থীর নেতৃত্বে এবং প্রার্থী না থাকা আসনে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে গণভোট প্রচারণা চালানো হবে।

দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই কর্মসূচির নেতৃত্ব দেবেন। কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে সমন্বয়, জনমত তৈরি, আইনি ও প্রশাসনিক কার্যক্রম এবং মিডিয়া ব্যবস্থাপনায় দিকনির্দেশনা দেবেন।

পুনর্গঠিত ৩১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি মনিরা শারমিনকে। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা প্রমুখ।

দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, দেশে মোট ২৭০ জনকে ‘হ্যাঁ ভোট অ্যাম্বাসেডর’ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তারা নির্বাচনে অংশগ্রহণকারী নয়, বরং গণভোটের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার এবং জনমত তৈরি করার দায়িত্ব পালন করবেন।

এনসিপি সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ৩০টি আসনে সমঝোতা আলোচনা হলেও এখন পর্যন্ত ৪৪টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চূড়ান্ত আসন বণ্টন শেষে নিজ দলের প্রার্থীরা জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন।

দলীয় নেতারা মনে করছেন, এই পরিকল্পিত প্রচারণার মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব সাধারণ জনগণের কাছে স্পষ্ট হবে এবং শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman