কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র।
নিহত শিশু আফনান (৭) একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়দের বরাতে খোকন কান্তি রুদ্র বলেন, ‘সকালে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের মধ্যে অন্তত ঘন্টাব্যাপী গোলাগুলি হয়। একপর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূণ্য রেখার দিকে পিছু হটে অবস্থা নেয়।’
তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে আবারও উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এ সময় মিয়ানমারের দিক থেকে ছোঁড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসতঘরে আঘাত হানে। এতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’
পুলিশের এ উপপরিদর্শক বলেন, ‘ঘটনার খবর শুনে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আইন-শৃংখলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দেয়ায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।’
নিহত শিশুর লাশ এখনো বাড়িতে রয়েছে বলে জানান তিনি।
