দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ও ভেন্যু নির্ধারণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে সরাসরি বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারত সফরে দল পাঠানোর সিদ্ধান্ত থেকে তারা সরে আসছে না।
বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। আইসিসির পক্ষ থেকে একজন প্রতিনিধি সরাসরি এবং আরেকজন অনলাইনে যুক্ত হন। সভায় বিসিবি কেন ভারতে খেলতে যেতে আগ্রহী নয়, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। একই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জোরালো দাবি পুনর্ব্যক্ত করা হয়।
বিসিবির এক শীর্ষ পরিচালক জানিয়েছেন, বোর্ডের বক্তব্য আইসিসির সিকিউরিটি প্রধান মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। পরে বিসিবির বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি ছিল গঠনমূলক ও পেশাদার পরিবেশে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক জটিলতা কমিয়ে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও উঠে আসে।
বিসিবি আরও জানায়, আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। এ সময় খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের উদ্বেগও আইসিসিকে জানানো হয়েছে।
এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এর আগে ভার্চুয়াল বৈঠকেও একই অবস্থান জানিয়েছিল বিসিবি। এবার সেই অবস্থান সরাসরি আইসিসির সামনে পুনরায় স্পষ্ট করল বোর্ড।
