দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশের মানুষ আবারও গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, বিভীষিকাময় দিন ও রাতের অবসান হয়েছে। তবে এই পথচলার পেছনে রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ, হারানো স্বজনদের দীর্ঘশ্বাস আর নিঃশেষিত কান্না।
শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম খুন ও নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক।
তারেক রহমান বলেন, যারা সন্তান, স্বামী কিংবা পিতাকে হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। বছরের পর বছর ধরে গুম, খুন, মামলা ও নির্যাতনের মধ্য দিয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। একই পরিবারের একজন নিখোঁজ হয়েছেন, অন্যজন আবার রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকে আরও জোরালো করেছেন।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়া কোনো রাজনৈতিক দলকে অপপ্রচার দিয়ে দমন করা যায় না। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার হাজারো মানুষের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে দায় আমাদের সবার।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ও নিখোঁজদের কথা স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর তাদের ত্যাগ বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে। রাষ্ট্র কখনোই শহীদ পরিবারগুলোর কথা ভুলে যেতে পারে না। তাদের জন্য রাষ্ট্রীয় সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
তারেক রহমান সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ কেউ নানা বিতর্ক তৈরি করে গণতন্ত্রের এই পথকে বাধাগ্রস্ত করতে চায়। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।
