লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সাফ নারী ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: 25 জানুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ব্যাংককে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, লিপি আক্তারদের নিয়ে গড়া বাংলাদেশ দল।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছে ৬টি ম্যাচ। এর মধ্যে পাঁচটি জিতে এবং একটি ড্র করে সর্বোচ্চ ১৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের দল। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ভুটান।

ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল দিনে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল সহজ। ড্র করলেই শিরোপা নিশ্চিত। তবে সাবিনারা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকেন। ম্যাচের তৃতীয় মিনিটে গোলরক্ষক স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের ভুল বোঝাবুঝিতে মালদ্বীপ প্রথমে গোল করলেও দ্রুত ম্যাচে ফেরে বাংলাদেশ।

পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে সমতাসূচক গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ১৩ মিনিটে আবারও ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে আরও চার গোল করে বাংলাদেশ। সাবিনা ও লিপি আক্তার দুজনই প্রথমার্ধে জোড়া গোল করেন।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ম্যাচের ২২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। এরপর একের পর এক গোল হজম করতে থাকে মালদ্বীপ। নিলুফা ইয়াসমিন, কৃষ্ণা, মেহেরুন আক্তার ও মাসুরা পারভীন গোলের খাতায় নাম লেখান। শেষ পর্যন্ত ১৪–২ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২০১৮ সালে নারী ফুটসালে বাংলাদেশের যাত্রা শুরু হলেও দীর্ঘ ছয় বছর কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষ দিকে নতুন করে দল গঠনের মাধ্যমে আবার মাঠে ফেরে বাংলাদেশ। প্রথম অংশগ্রহণেই সাফ চ্যাম্পিয়ন হয়ে সেই প্রচেষ্টার ফল পেল দলটি।

মেয়েদের টুর্নামেন্টের পাশাপাশি ব্যাংককে অনুষ্ঠিত পুরুষদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে মালদ্বীপ। বাংলাদেশ পুরুষ দল ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টুর্নামেন্ট শেষ করেছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman