দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার ২৫ জানুয়ারি সকাল ৯টায় ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড টিম ডুকেট এবং ডেপুটি সেক্রেটারি পলিটিক্যাল কাটে ওয়ার্ড। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে মতবিনিময় হয়।
এ সময় উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
