দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির শেষ দিন ঘনিয়ে এসেছে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। জনগণের রায়ই ঠিক করবে বাংলাদেশ কোন পথে এগোবে।
লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ ভয়ভীতি দেখিয়ে কর্মী-সমর্থকদের দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু জনগণ আর ভয় পায় না। মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের দিনই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, এই নির্বাচন ক্ষমতা বদলের নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। ভোটারদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিন। যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কোনো লোভ, সুবিধা বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। আপনার একটি ভোটই আপনার এলাকা ও দেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে।
তিনি বলেন, যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দিন—যিনি সত্যিকার অর্থে মানুষের কথা বলবেন, এলাকার উন্নয়ন করবেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন।
প্রচারণাকালে নাহিদ ইসলাম ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান।
