লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নওগাঁর জনসভায়, ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত: 29 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি এবং ভোটের দিন সকলে তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে। এমনকি যে কোনো ধরনের ভোট কারচুপি ও বাধা সৃষ্টি রোধে সব সময় সজাগ থাকতে হবে বলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার আগে বহুবার হরণ করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে দীর্ঘ আন্দোলন লড়াই হয়েছে। তিনি মনে করেন, এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আবারও ষড়যন্ত্রের মাধ্যমে ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে। তাই সকলকে পূর্ণ সতর্কতা, ঐক্য ও সংহতির সঙ্গে ভোটাধিকার রক্ষায় কাজ করতে হবে।

তারেক রহমান ভোটের দিন করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনাও দেন। তিনি বলেন, সকালের শুরুতেই তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায়ের পর সকলকে একসঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছাতে হবে এবং কোনো দেরি করা যাবে না। তিনি ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে জানান, তখন খালি ব্যালট বাক্স প্রদর্শন করা হয়েছিলো পরে ভরা বাক্স দেখানো হয়েছিলো, যা নির্বাচন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো এবং এর মতো ঘটনা যেন আর না ঘটে সে জন্য সবাইকে সাবধান হতে হবে।

তার বক্তব্যে তিনি বলেন, ভোট কেবল একটি গণতান্ত্রিক অধিকার নয়, এটি দেশের মানুষের সার্বভৌম সিদ্ধান্ত ও নির্বাচনী স্বচ্ছতার প্রতীক। তাই ভোটের দিন সকাল ৭টায় কেন্দ্রে উপস্থিত থেকে সঠিকভাবে ভোট প্রদান ও পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

জনসভা শেষে তিনি নওগাঁ ও জয়পুরহাটের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। এর আগে তিনি রাজশাহীর মাদ্রাসা ময়দানে আরও এক জনসভায় অংশগ্রহণ করেছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman