লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঋণখেলাপি মনোনয়ন নিয়ে প্রশ্ন তুললেন জামায়েত আমির

প্রকাশিত: 08 ফেব্রুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। নির্বাচনী প্রচারণায় একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর দলগুলো। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন দেওয়া নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন।

রোববার সকাল ৮ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত, তাদের মনোনয়ন দিয়ে এমপি বানিয়ে দুর্নীতি দমন করবেন—এ কথা শুনলে জনগণ হাসে।” বিএনপির নাম উল্লেখ না করলেও বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট ছিল বলে মনে করেন উপস্থিতরা।

ঢাকা ১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে আয়োজিত এই জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবিরোধী অবস্থান প্রমাণ করতে হলে আগে নিজের ঘর পরিষ্কার করতে হয়। তিনি দাবি করেন, জনগণ আর মুখের কথা বিশ্বাস করে না, তারা কাজের প্রমাণ চায়।

বক্তব্যে তিনি ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের গণআকাঙ্ক্ষার তুলনা টেনে বলেন, ২০২৪ সালে তরুণদের ন্যায্য আন্দোলন দমন করা হয়েছিল। তার ভাষায়, ৫ আগস্টের পর দেশ এক ধরনের মুক্তি পেলেও পরদিন থেকেই চাঁদাবাজি ও দখলবাজি নতুনভাবে মাথাচাড়া দেয়। তিনি সতর্ক করে বলেন, “মজলুম ছিলেন, জালিম হবেন না।”

জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমানে ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন এবং খুনের মামলার ভয় দেখিয়ে বিপুল অর্থ আদায়ের প্রবণতা বাড়ছে। এমনকি সমাজের সবচেয়ে দুর্বল মানুষও চাঁদাবাজির শিকার হচ্ছে বলে তিনি দাবি করেন।

ঢাকা ১১ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি পুরোনো রাজনীতিকে প্রত্যাখ্যান করার দিন। তরুণদের নেতৃত্বে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বেকার ভাতা নয়, কর্মসংস্থানের মাধ্যমেই যুবসমাজকে সম্মান দেওয়া হবে।

জনসভায় তিনি আরও ঘোষণা দেন, জনগণের রায়ে ইনসাফের সরকার গঠিত হলে কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার লড়াই চলবে। একই সঙ্গে নাহিদ ইসলামকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে দেখার প্রত্যাশার কথাও জানান তিনি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman