লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভোট পাহারার আহ্বান শফিকুরের

প্রকাশিত: 09 ফেব্রুয়ারী 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা–১৩ আসনে নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো জালিয়াতি, ভোটচুরি বা অবৈধ প্রক্রিয়ায় যেন জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন না হয়, সে জন্য নির্বাচনের দিন পর্যন্ত সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের পক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই ১১ দল একত্রিত হয়েছে। জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে এই ঐক্য গড়ে উঠেছে। তাঁর ভাষায়, চাঁদাবাজি, দুর্নীতি ও অপরাধের রাজনীতির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হলে বিজয় অনিবার্য।

ভোটকেন্দ্রে মোবাইল ও রেকর্ডিং ডিভাইস নিষিদ্ধের সিদ্ধান্তের সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতের মতো অন্ধকার পথ অনুসরণ করলে তা মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সভাপতিত্ব করেন মামুনুল হকের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক।

ঢাকা–১৩ আসনকে মর্যাদাপূর্ণ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এই এলাকায় চাঁদাবাজি, মাদক ও মামলা বাণিজ্যের অবসান ঘটাতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে কোনো দলীয় সরকার নয়, বরং জনগণের সরকার গঠন করা হবে।

সমাবেশে জানানো হয়, ১১ দলীয় জোটের প্রতীক ‘রিকশা’। জয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণাও দেন জামায়াত আমির।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman