লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কাতার থেকে দূরালাপনীতে তারেক রহমানকে শুভেচ্ছা

প্রকাশিত: 15 ফেব্রুয়ারী 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। রোববার অনুষ্ঠিত এই ফোনালাপে তিনি বিএনপির নির্বাচনী সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী খোলাইফি তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে কাতার ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

খোলাইফি লেখেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর করতে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা জোরদার করার প্রত্যাশা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের প্রাক্কালে কাতারের এমন শুভেচ্ছা বার্তা মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দেয়। বিশেষ করে শ্রমবাজার, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ খাতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে।

বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কাতারে কর্মরত। ফলে রাজনৈতিক পরিবর্তনের পরপরই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে সরকার গঠনের পর দ্বিপাক্ষিক বৈঠক ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক পর্যায় থেকে আসা শুভেচ্ছা বার্তা নতুন সরকারের কূটনৈতিক অগ্রাধিকারের ইঙ্গিত বহন করছে বলে পর্যবেক্ষকদের অভিমত।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman