দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় একশ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বরফকল ও মাছ ঘাটগুলোও বন্ধ রাখা হবে।
জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছেন, এর মধ্যে ৪৩ হাজার নিবন্ধিত। নিষেধাজ্ঞার সময়সহ চার মাস প্রত্যেক জেলে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৬০ কেজি করে চাল পাবেন। তবে জেলেদের অভিযোগ, প্রকৃত জেলের তুলনায় বরাদ্দ কম এবং সঠিক তালিকা প্রণয়ন না হলে অনেকে সহায়তা থেকে বঞ্চিত হন।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহামুদুল হাসান চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালিত হবে। আইন অমান্য করলে জেল জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান জানান, টাস্কফোর্স সক্রিয় রয়েছে এবং ভিজিএফ বিতরণে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হলে সামগ্রিক ইলিশ উৎপাদন বাড়ে এবং দীর্ঘমেয়াদে জেলেদের আয়ও বৃদ্ধি পায়। তবে বিকল্প কর্মসংস্থান ও স্বচ্ছ সহায়তা নিশ্চিত করা না গেলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে চ্যালেঞ্জ থেকে যায়।
