লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মধ্যপ্রাচ্য সংকটে বিমানের সব ফ্লাইট বাতিল

প্রকাশিত: 03 মার্চ 2026

49 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের পরিচালনাগত সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ গন্তব্যে সব ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় এই সংস্থা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট।

বিমান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে। ফলে শুধু বিমান বাংলাদেশ নয়, বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও ব্যাপকভাবে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির কারণে মঙ্গলবার একদিনেই ৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে কয়েক দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বড় অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানানো হবে। এ সময় যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী আকাশপথ সংকট অব্যাহত থাকলে প্রবাসী যাত্রী চলাচল, রেমিট্যান্স প্রবাহ এবং কার্গো পরিবহনেও প্রভাব পড়তে পারে, যা দেশের বিমান খাত ও অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman