লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রোহিঙ্গা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান

প্রকাশিত: 09 মার্চ 2026

95 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের ওপর বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে।

স্থানীয় সময় রোববার লন্ডনের Lancaster House এ অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। Commonwealth of Nations এর এই সম্মেলনে ৫৬টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারসহ বিভিন্ন শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা ধীরে ধীরে কমে আসছে, যা উদ্বেগজনক। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে এখনও সীমান্ত পেরিয়ে নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। এই পরিস্থিতিতে মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততা জরুরি।

সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের ফাঁকে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ইয়েভেট্টি কুপার (Yvette Cooper) সহ কানাডা, দক্ষিণ আফ্রিকা, অ্যান্টিগুয়া ও ঘানার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থন চাওয়া হয়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এখনো অনিশ্চিত। তাই আন্তর্জাতিক চাপ ও সমন্বিত উদ্যোগ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন বাস্তবায়ন কঠিন হয়ে উঠছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman