লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

প্রকাশিত: 11 মার্চ 2026

95 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

গাজা ও ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। দেশটির সরকারি গেজেটে প্রকাশিত এক ঘোষণায় বুধবার এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

ঘোষণায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নবিষয়ক মন্ত্রীর প্রস্তাব এবং ১০ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আনা মারিয়া সালোমোন পেরেজের নিয়োগ বাতিল করা হয়েছে। এর ফলে তেল আবিবে স্পেন দূতাবাস আপাতত একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কঠোর সমালোচক হিসেবে অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযাকে “অযৌক্তিক” আখ্যা দিয়ে স্পষ্টভাবে যুদ্ধবিরোধী অবস্থান ঘোষণা করেন।

এর আগে গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে স্পেনের পার্লামেন্ট স্থায়ী অস্ত্র নিষেধাজ্ঞা আইন অনুমোদন করে। ওই আইনের মাধ্যমে ইসরায়েলের কাছে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত ইউরোপের ভেতরে ইসরায়েল নীতিতে বিভাজন আরও স্পষ্ট করে তুলেছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্য সংঘাতকে ঘিরে ইউরোপীয় কূটনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে।

স্পেনের এই পদক্ষেপ প্রতীকী হলেও কূটনৈতিকভাবে তা গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের ভেতরে যুদ্ধ ও মানবাধিকার প্রশ্নে নীতিগত অবস্থান নিয়ে ভবিষ্যতে আরও মতপার্থক্য দেখা দিতে পারে।

 

সূত্র: রয়টার্স

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman