দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকটি ছিল পারস্পরিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়।
১৩ সদস্যের অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা অংশ নেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং দুই দেশের পার্লামেন্টারি যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছে। সংসদীয় পর্যায়ের এমন সফর পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং নীতি পর্যায়ে সহযোগিতা বিস্তারে সহায়ক হিসেবে বিবেচিত হয়।
