দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তান এর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
বিবিসি উর্দু সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে অবস্থানরত ইরানি প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। যদিও বৈঠকের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক মহলে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই বৈঠক ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে আসন্ন আলোচনার কাঠামো নির্ধারণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের সংলাপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেডি ভ্যান্সকে স্বাগত জানান। এ সময় তিনি বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রশংসা করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইশহাক দার আশা প্রকাশ করেছেন যে তেহরান ও ওয়াশিংটন গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে পারবে। একই সঙ্গে তিনি জানান, ইসলামাবাদ উভয় পক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন অব্যাহত রাখবে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্যোগ সফল হলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, বরং বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: BBC Urdu, Reuters
