লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরল বৃষ্টি’র মরদেহ, মাদারীপুরে শোকের মাতম

প্রকাশিত: 09 মে 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই চর গোবিন্দপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। সকাল থেকেই স্বজন, সহপাঠী ও এলাকাবাসী ভিড় করতে থাকেন বৃষ্টির পৈতৃক বাড়িতে।

পরিবার সূত্রে জানা যায়, সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বৃষ্টির মরদেহ পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে নেওয়া হয়। পরিবারের আশা, দুপুরের মধ্যেই মরদেহ বাড়িতে পৌঁছাবে।

বৃষ্টির চাচি জাকিয়া সুলতানা বলেন, “বৃষ্টি ছিল আমাদের এলাকার শিক্ষার আলো। ওর মেধা ও পরিশ্রম পুরো এলাকায় অনুপ্রেরণা ছড়িয়েছিল। যারা ওকে হত্যা করেছে, তাদের বিচার চাই।”

চাচা দানিয়াল আকন বলেন, বৃষ্টি বাড়িতে এলেই গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতেন। তার মৃত্যুতে পুরো এলাকা একজন মেধাবী পথপ্রদর্শককে হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিবার জানিয়েছে, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠ-এ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন বৃষ্টি। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এ স্নাতকোত্তরে ভর্তি হন। ২০২৫ সালের আগস্টে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ পিএইচডি করতে যান তিনি।

গত ১৭ এপ্রিল একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনসহ নিখোঁজ হন বৃষ্টি। পরে তাদের হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। এ ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে।

এদিকে নিহত বৃষ্টি ও লিমনের স্মরণে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাদের সম্মানে দুটি চেয়ার খালি রাখা হয়।

বিদেশে উচ্চশিক্ষায় যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নটি আবারও সামনে এসেছে বৃষ্টি ও লিমনের হত্যাকাণ্ডে। একইসঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের গল্পও এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে। বৃষ্টির মৃত্যু শুধু একটি পরিবারের নয়, একটি সম্ভাবনাময় প্রজন্মের স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman