লোড হচ্ছে...
লোড হচ্ছে...

‘বাজেট যেন লুটেরাদের জন্য না হয়’ : এনসিপি’র ছায়া বাজেটে বক্তারা

প্রকাশিত: 21 মে 2026

12 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন জাতীয় বাজেটকে জনগণকেন্দ্রিক ও জবাবদিহিমূলক করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট প্রণয়ন কমিটি। বক্তারা বলেছেন, অতীতের মতো করপোরেট ও লুটেরাদের স্বার্থরক্ষাকারী বাজেট নয়, বরং সাধারণ মানুষের জীবনমান, কর্মসংস্থান ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার মতো বাজেট প্রণয়ন করতে হবে।

বৃহস্পতিবার “বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়। অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, সাবেক আমলা ও গবেষকরা অংশ নেন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, অতীতে বাজেট জনগণের প্রয়োজনের চেয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থরক্ষার দলিলে পরিণত হয়েছিল। তিনি অভিযোগ করেন, সেই সময়ে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং এখনো জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের কথা প্রতি বছর বলা হলেও বাস্তবে পুরোনো ধারা থেকেই বের হতে পারেনি বাজেট কাঠামো। এবারের বাজেটে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হওয়া উচিত।

ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ বলেন, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবীদের সঙ্গে কথা বলে তারা বুঝেছেন, মানুষ কর দিতে আপত্তি করে না, তবে কর ব্যবস্থায় ন্যায়বিচার ও স্বচ্ছতা চায়। তিনি বলেন, বড় শিল্পগোষ্ঠীকে করের বাইরে রেখে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।

সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী কর-জিডিপি অনুপাত বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার যদি অতিরিক্ত ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতে বিনিয়োগ ব্যাহত হবে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে এনে সমন্বিত ব্যবস্থাপনারও প্রস্তাব দেন তিনি।

সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান বাজেট প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের সমালোচনা করেন। তিনি বলেন, আইনে নির্ধারিত ত্রৈমাসিক বাজেট অগ্রগতি প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হচ্ছে না। এছাড়া এনআইডিভিত্তিক সমন্বিত ডিজিটাল কর ব্যবস্থার প্রস্তাব দেন তিনি।

অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম দেশের ব্যাংকিং খাতকে “ধ্বংসপ্রাপ্ত” আখ্যা দিয়ে বলেন, খেলাপি ঋণের পরিমাণ এখন কয়েক লাখ কোটি টাকায় পৌঁছেছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, কর ব্যবস্থায় সংস্কার ছাড়া রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman