লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্ধারিত সব ফি অনলাইনে

প্রকাশিত: 27 ফেব্রুয়ারী 2026

121 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্ধারিত সব ফি দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা, সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন বা পৌর ভূমি অফিসে চার ফুট আড়াই ফুট আকারের স্থায়ী সাইনবোর্ডে ফি তালিকা টানাতে হবে।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি কেবল অনলাইনে পরিশোধ করতে হবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। কেউ অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে খাতভিত্তিক ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। নামজারি ফি মোট ১ হাজার ১৭০ টাকা। এর মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল দিতে হবে। মৌজা ম্যাপের প্রতি শিটের ফি ৫৪৫ টাকা, ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা প্রযোজ্য।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ নেওয়া যাবে না। প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, সাইনবোর্ডে ফি প্রদর্শন ও অনলাইন পরিশোধ বাধ্যতামূলক করা হলে ঘুষ ও হয়রানি কমবে। ভূমি খাতে দীর্ঘদিনের অনিয়ম ঠেকাতে এ উদ্যোগ কার্যকর হবে বলে মনে করছেন তারা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman