দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সেনা সদর দপ্তর থেকে জারিকৃত আদেশ অনুযায়ী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, যিনি সাম্প্রতিক সময়ে অবসরে গেছেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন, তার বদলে আগের PSO লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
রদবদলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI)-র নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি করে কচুক্ষেতের DGFI সদর দপ্তরে অধিষ্ঠিত করা হবে। আগের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হচ্ছে।
এ ছাড়া ঢাকায় বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম-কে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান-কে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
এ রদবদল সামরিক নেতৃত্বের পরিমার্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সামরিক পর্যায়ে এই ধরণের বদল নতুন যুগের প্রস্তুতি এবং প্রশাসনিক পেশাদারিত্ব শক্তিশালী করতে সহায়তা করবে বলে বিশ্লেষকরা মনে করেন।
