দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এর মধ্যেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (৫ এপ্রিল) দুপুরে বিসিবি প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, বৈঠকে সভাপতির পাশাপাশি নতুন নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত থাকবেন। যদিও আলোচনার নির্দিষ্ট এজেন্ডা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে এটিকে সৌজন্য সাক্ষাৎ এবং ক্রিকেটারদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে সরাসরি বসার সুযোগ হয়নি বুলবুলের।
এদিকে বোর্ড নির্বাচন ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। রবিবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনটি এনএসসি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বোর্ডের কয়েকজন পরিচালক কমিটির মুখোমুখি হন। পরে বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও কথা বলে তদন্ত দল।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, তদন্ত প্রতিবেদনের সুপারিশই বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ফলে প্রশাসনিক অনিশ্চয়তার মধ্যেই ক্রিকেটারদের সঙ্গে সভাপতির বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
