দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, জনগণের একটি ভোটই বিএনপিকে ক্ষমতায় আনতে পারে। একই সঙ্গে সেই ভোটই তাকে সংসদ সদস্য নির্বাচিত করার পথ তৈরি করবে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সময় পুতুল বলেন, দেশের ভবিষ্যৎ, নারীদের অধিকার ও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “আমি আপনাদেরই মেয়ে। নারীদের ভালো, নারীদের এগিয়ে নেওয়া এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য আপনাদের সমর্থন চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনারা শুধু আমাকে নয়, নিজেদের ভবিষ্যতকেই শক্তিশালী করবেন।”
তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে মূলত আপনারাই জয়ী হবেন। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ভোটই আমাদের বিজয় নিশ্চিত করবে।” এ সময় তিনি উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকায় এলাকায় প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, এবারের নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রার্থিতা নিয়ে ইতিবাচক সাড়া মিলছে।
