দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে। তার ভাষায়, একজন ছাত্রনেতার পেছনে লাখ লাখ শিক্ষার্থী থাকে। সে অবস্থানে থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গেলে সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-কে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। “বিষয়টি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। আওয়ামী লীগের সময়েও এমন দৃশ্য দেখিনি,” যোগ করেন তিনি।
ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে নতুন মানদণ্ড তৈরি করা প্রয়োজন। এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি, যা ভবিষ্যতে দেশের ছাত্ররাজনীতিকে ইতিবাচক পথে এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে আগের সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের বদলে ‘অভিনয় প্রতিযোগিতা’ চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সারজিস আলমের দাবি, দেশে সমঝোতার রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ছাত্রশক্তিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
