দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আজম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উচ্চশিক্ষা খাতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, আধুনিক গবেষণাগার স্থাপন এবং গবেষণায় অর্থায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
উভয় পক্ষ চীনা ভাষা শিক্ষার প্রসার, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং চীনা শিক্ষার্থীদের বাংলাদেশে অধ্যয়ন উৎসাহিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
এছাড়া, পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর ও উন্নত প্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাবি ও চীনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
