লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ই-বাস ট্রাকে শুল্ক ছাড়, সবুজ পরিবহনে জোর

প্রকাশিত: 04 মে 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্তে নামমাত্র কর দিয়ে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানি করা যাবে। এতে ভ্যাট ছাড়া প্রায় সব ধরনের শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে এসব বাস যদি শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্য কাজে ব্যবহৃত হয়, তাহলে ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। ফলে মোট করভার সীমিত হয়ে দাঁড়াবে ১৫ শতাংশে।

এছাড়া ৫ টন বা তার বেশি ধারণক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানিতেও একই ধরনের কর সুবিধা দেওয়া হবে। খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাস পাবে। পাশাপাশি আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হবে বাংলাদেশ।

শুল্ক ছাড়ের এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে আমদানিকে উৎসাহিত করবে, তবে দীর্ঘমেয়াদে চার্জিং অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়নই এর সাফল্য নির্ধারণ করবে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman