লোড হচ্ছে...
লোড হচ্ছে...

একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, অগ্রাধিকার সড়ক, স্বাস্থ্য ও অবকাঠামোতে

প্রকাশিত: 09 জুন 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি। মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হলো চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়ককে উন্নত ও প্রশস্ত করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।

পানি সম্পদ খাতে অনুমোদন পেয়েছে ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এ প্রকল্প সেচ সুবিধা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের আওতায় ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে দেশের ৩৩টি জেলার সার্কিট হাউস এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ অনুমোদন পেয়েছে, যা শিশুস্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ক্যানসার সেন্টার নির্মাণের দ্বিতীয় পর্যায়ের সংশোধিত প্রকল্পও অনুমোদিত হয়েছে। এছাড়া শিক্ষা খাতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্যব্যবস্থা উন্নয়ন এবং ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সংক্রান্ত দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ খাতে বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্পের সংশোধিত প্রস্তাবও একনেকে অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার নির্ভরযোগ্যতা আরও বাড়াবে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ছয়টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে পৌরসভাগুলোতে পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি এবং কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন সংক্রান্ত উদ্যোগ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও স্থানীয় প্রশাসনিক সেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman