লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাস মালিকদের পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই ঈদযাত্রা ঝুঁকিপূর্ণ হচ্ছে : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশিত: 25 মে 2026

3 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, বাস মালিকদের পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই নিম্নআয়ের মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াতে বাধ্য হচ্ছে এবং এতে বাড়ছে প্রাণহানির ঘটনা।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, অতিরিক্ত বাসভাড়া বহনের সামর্থ্য না থাকায় অনেক শ্রমজীবী মানুষ খোলা ট্রাক, পণ্যবাহী যান কিংবা ট্রেনের ছাদে যাতায়াত করছেন। এতে দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকি ভয়াবহভাবে বাড়ছে।

সম্প্রতি টাঙ্গাইলের যমুনা সেতু পূর্বপ্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত হওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে সংগঠনটি জানায়, নিহতদের বেশিরভাগই ছিলেন শ্রমজীবী মানুষ, যারা স্বল্প খরচে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয় বিবৃতিতে।

যাত্রী কল্যাণ সমিতির ভাষ্য অনুযায়ী, প্রতিবছর ঈদ মৌসুমে পরিবহন খাতে নৈরাজ্য তৈরি হয়। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষেরা অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে না পেরে জীবনের ঝুঁকি নিয়েই বিকল্প পথে যাত্রা করেন। সংগঠনটি অভিযোগ করে, বছরের দুটি বড় উৎসবে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার ব্যর্থ হচ্ছে।

সংগঠনটি অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর মনিটরিং, বাস মালিক সমিতির প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

একই সঙ্গে যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বাসের ছাদ, খোলা ট্রাক কিংবা ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনে যাতায়াত না করারও অনুরোধ জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, ঈদযাত্রাকে নিরাপদ করতে হলে শুধু প্রশাসনিক নির্দেশনা নয়, পরিবহন খাতে কার্যকর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman