লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

147 Views

The Civilians News

ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে চার জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য জানান।

নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ব্যাপারীর ছেলে আব্দুল গনি (৩৮), একই এলাকার মো. কালুখার ছেলে মো. সাজু (৪৫), কচুখালী গজারিয়া এলাকার মৃত মোক্তার হোসেনের মেয়ে মোসা. রিনা (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আহমদপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার মাতলাব ব্যাপারীর ছেলে মো. শাহাদত, কচুখালী এলাকার আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ মিনা (৪৫) এবং চরফ্যাশন উপজেলার আহমদপুর এলাকার হানিফের স্ত্রী মোসা. রহিমা (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। চাঁদপুরে মেঘনা নদীতে পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীরগতিতে চলছিল। এ সময় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই লঞ্চে থাকা অন্তত চার জন যাত্রী প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।

চাঁদপুর নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে জাকির সম্রাট-৩ লঞ্চটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় লঞ্চ দুটি মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করে ঢাকা নৌ-পুলিশ।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবুলাল বৈদ্য বলেন, ‘দুই লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের মধ্যে আরও কয়েকজন মারা যান।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman