লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতের ভোটার তালিকা থেকে বাদ পড়া জনগোষ্ঠীর বড় অংশই মুসলিম

প্রকাশিত: 17 এপ্রিল 2026

13 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে নাগরিকত্ব ও ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহ অঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে ‘আরেক কাশ্মীর’ তৈরির আশঙ্কার কথা বলছেন কিছু বিশ্লেষক।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর বিপুলসংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা যাচাইয়ের তালিকায় ঝুলে আছে। এতে বহু পরিবার নাগরিক অধিকার হারানোর শঙ্কায় পড়েছে। বিভিন্ন স্বাধীন পর্যবেক্ষক সংস্থার তথ্যে দেখা যাচ্ছে, বাদ পড়া জনগোষ্ঠীর একটি বড় অংশ মুসলিম, যা নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, জিজ্ঞাসাবাদ ও হয়রানির অভিযোগও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, শুধু সীমান্তবর্তী যোগাযোগ বা আত্মীয়তার কারণেই অনেককে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশও থাকতে পারে। ভোটার তালিকা থেকে বড় অংশ বাদ পড়লে নির্বাচনী ফলাফলে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে।

এদিকে সীমান্তে ‘পুশ-ইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ উভয় পক্ষের তথ্যে সীমান্তে এ ধরনের ঘটনার ইঙ্গিত মিলেছে।

পরিস্থিতি অব্যাহত থাকলে এটি শুধু ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নাগরিকত্ব, ভোটাধিকার ও নিরাপত্তা—এই তিনটি ইস্যু একসঙ্গে জড়িয়ে পড়লে তা দ্রুত মানবিক ও ভূরাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। সীমান্তসংলগ্ন এ উত্তেজনা নিয়ন্ত্রণে স্বচ্ছতা ও আস্থাভিত্তিক পদক্ষেপ জরুরি হয়ে উঠছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman