লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সবুজ জ্বালানির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 24 মে 2026

9 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়নের অপরিহার্য অংশ।

রোববার সকালে জাতীয় সংসদ ভবন এ “নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপ” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের ছাদে এক মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক।” তিনি জানান, জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌরশক্তির ব্যবহার দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাফিজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সংযোজন দেশের পরিবেশবান্ধব উন্নয়ন ভাবনার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে এবং শিল্পায়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। তবে একই সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও বাড়ছে। তিনি উল্লেখ করেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, নদীভাঙন এবং অনিয়মিত বর্ষণ এখন দেশের প্রতিদিনের বাস্তবতা।

তিনি বলেন, “এই বাস্তবতায় টেকসই জ্বালানির দিকে অগ্রসর হওয়া এখন আর বিকল্প নয়, বরং জাতীয় প্রয়োজন।” সৌরশক্তিকে তিনি ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় জ্বালানি উৎস হিসেবে উল্লেখ করেন।

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। দেশের বিপুল সংখ্যক ছাদ, শিল্প এলাকা এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য উপযোগী বলেও জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংসদ সদস্যরা।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় বিশ্বজুড়ে কমে যাওয়ায় উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি এখন আরও কার্যকর সমাধান হয়ে উঠছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman