লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জকিগঞ্জে সড়কের ইট লুট, যুব জামায়াত নেতা আটক

প্রকাশিত: 06 মার্চ 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরীও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সড়কের ইট সরিয়ে নেওয়ার ঘটনা সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। এলাকাবাসীর দাবি, সম্প্রতি মাহফুজুল ইসলাম চৌধুরীকে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গেও দেখা গেছে। পরে তার বাড়ি থেকেই সরকারি প্রকল্পের ইট উদ্ধারের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

জানা যায়, ২০২১ সালে কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়। বর্তমানে সুরমা নদীর বাঁধ সংস্কার কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ইট তুলে মাদরাসার মাঠে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ ওঠে, সেই সুযোগে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ মোহাম্মদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি দাবি করেন, রাতের অন্ধকারে প্রায় ১৫ লাখ ইট সরিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগের পরদিন উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি সড়কের ইট অপসারণের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে এবং উদ্ধার করা ইট গণনা চলছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman