লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চট্টগ্রাম বন্দরে নয়জন জুলাই যোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ

প্রকাশিত: 13 জানুয়ারী 2026

222 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চট্টগ্রাম বন্দরে গেজেটভুক্ত নয়জন জুলাই যোদ্ধাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে তাদের পদায়ন করা হয়।

দপ্তরাদেশে বলা হয়েছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের কাজের স্বার্থে এসব জুলাই যোদ্ধাকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী ও সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ বিভাগ, নৌ প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন।

চুক্তির শর্ত অনুযায়ী প্রশিক্ষণ সেবা সহযোগীরা মাসিক ২৬ হাজার ৬৩৬ টাকা এবং সহকারীরা প্রায় ২১ হাজার টাকা সেবামূল্য পাবেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম। তারা সবাই গেজেটভুক্ত জুলাই যোদ্ধা।

দপ্তরাদেশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিভাগগুলো মাসিক ভিত্তিতে তাদের হাজিরা শিট প্রশাসন বিভাগে পাঠাবে। হাজিরার ভিত্তিতে অর্থ ও হিসাব বিভাগ তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে সেবামূল্য পরিশোধ করবে। আগামী সাত দিনের মধ্যে ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন মো. ওমর ফারুক জানান, জুলাই যোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা থোক অর্থ পাবেন।

উল্লেখ্য, নিয়মিতভাবে বন্দরের স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman