শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ পর্যটন সার্ভিসে যুক্ত।
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নদীমাতৃক বাংলাদেশের শতবর্ষী ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদকে পর্যটন সার্ভিসে যুক্ত করেছে সরকার। ১৫ নভেম্বর শুক্রবার ঢাকার সদরঘাটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উচ্ছ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে প্রতি শুক্রবার সকাল ৮টায় সদরঘাট থেকে ঢাকা-বরিশাল রুটে নিয়মিত চলবে এই প্রমোদতরী।

বিআইডব্লিউটিসির অধীনে থাকা পি এস মাহসুদ এর মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। ইঞ্জিন, ফায়ার সেফটি, লাইফবোট, জিপিএস ও ডিজিটাল নেভিগেশন আধুনিকায়ন করা হয়েছে। কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি নদী দূষণ কমাবে। আধুনিক কেবিন, পর্যটকবান্ধব ডেকে থাকবে বাংলা গান, ঐতিহ্যবাহী খাবার। দিনের আলোয় যাত্রা করায় নদী ও তীরের সৌন্দর্য উপভোগ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা সাখাওয়াত বলেন, “পি এস মাহসুদ কেবল নৌযান নয়, নদীজ সংস্কৃতির জীবন্ত প্রতীক। নতুন প্রজন্ম কাছে থেকে দেখবে, নদীপথই ছিল যোগাযোগের প্রাণ।” নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, এটি দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে। পি এস অস্ট্রিচ, লেপচা, টার্নসহ আরও স্টিমার সংস্কারের পরিকল্পনা আছে বলেও জানানো হয়।
এই উদ্যোগ নদীভিত্তিক পর্যটনের নতুন দিগন্ত খুলবে। এটি ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি অর্থনীতিতে গতি আনবে। তবে সফলতার জন্য নিরাপত্তা, প্রচারণা ও টিকিট ব্যবস্থাপনা যথাযথ ও জোরদার করতে হবে। নদীর ঐতিহ্য ফিরিয়ে আনতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
