লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: 14 জানুয়ারী 2026

108 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, চলমান বিচারিক প্রক্রিয়া এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধি, মামলার জট কমানো এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তিনি আলোচনা করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সময় দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটি মৌলিক ভিত্তি। এ লক্ষ্য অর্জনে বিচার বিভাগের সক্রিয় ও কার্যকর ভূমিকা অপরিহার্য। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং বিচার বিভাগের উন্নয়ন ও কার্যক্রম জোরদারে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান এবং পরবর্তীতে স্থায়ী বিচারপতি হন। ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman