দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকদের যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন। সারাদেশে ১০৪টি ছাত্র মারকাজ ও ১৫৫টি ছাত্রী মারকাজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৪৯১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩৯০ জন। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৮১ শতাংশ। পরীক্ষা বিধি লঙ্ঘনের কারণে ২০ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে মুমতাজ বিভাগে ছাত্র ১ হাজার ৪৭৮ জন ও ছাত্রী ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। জায়্যিদ জিদ্দান বিভাগে ছাত্র ৪ হাজার ৫৫৯ জন এবং ছাত্রী ১ হাজার ১৪৭ জন উত্তীর্ণ হয়েছে। জায়্যিদ বিভাগে ছাত্র ৫ হাজার ৮০২ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৯ জন এবং মাকবুল বিভাগে ছাত্র ২ হাজার ৩৪৭ জন ও ছাত্রী ২ হাজার ৫৭২ জন উত্তীর্ণ হয়েছে।
মেধা তালিকায় ছাত্রদের মধ্যে ৯৩২ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার বায়তুল উলূম ঢালকানগরের শিক্ষার্থী খালেদ হাছান। দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়ার মো. আব্বাস এবং যৌথভাবে তৃতীয় হয়েছে মুতাসিম বিল্লাহ ও মুহা. আবু রায়হান।
ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ফাতেমাতুয যাহরা মহিলা মাদরাসার আসমা। দ্বিতীয় হয়েছে মোছা. ফাতিমাতুয যাহরা এবং তৃতীয় হয়েছে তাহসিনা সিদ্দীকা মারিয়া।
ফলাফল প্রকাশ শেষে বোর্ডের পক্ষ থেকে উত্তীর্ণ ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং তাদের সফলতার জন্য দোয়া করা হয়।
উচ্চ পাসের হার কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধারাবাহিক অংশগ্রহণ ও পরীক্ষাব্যবস্থার বিস্তৃতি নির্দেশ করে। বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে।
