লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ দর্শনার্থীদের ভিড়

প্রকাশিত: 31 মে 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার নতুন আকর্ষণ অ্যালবিনো জাতের বিরল সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে এই আগ্রহ আরও বেড়েছে। শিশু থেকে প্রবীণ, পরিবার নিয়ে কিংবা বন্ধুদের সঙ্গে অনেকেই ছুটে আসছেন আলোচিত এই প্রাণীটিকে একনজর দেখতে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সাদা রঙের বিরল এই মহিষটি বর্তমানে ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। খাঁচার বাইরে বাংলা ও ইংরেজিতে তার পরিচিতি উল্লেখ করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং প্রাণীটির স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে তাকে মূল সীমানা প্রাচীর থেকে কিছুটা দূরে রাখা হয়েছে। ফলে অনেক দর্শনার্থী কাছ থেকে দেখতে না পারলেও দূর থেকেই ছবি ও ভিডিও ধারণ করছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, পাঁচ কেজি ছোলা ও ভুসির মিশ্রণ এবং প্রায় ২০ কেজি পানি গ্রহণ করছে। গরমের কারণে তাকে দিনে কয়েকবার গোসল করানো হচ্ছে এবং অতিরিক্ত স্বস্তির জন্য খাঁচায় স্ট্যান্ড ফ্যান স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দর্শনার্থীদের মধ্যে অনেকেই জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ সম্পর্কে জানার পর তারা সরাসরি দেখতে এসেছেন। বিশেষ করে মহিষটির মাথার চুলের বিন্যাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

চিড়িয়াখানা সূত্র জানায়, ঈদের দ্বিতীয় দিন থেকেই প্রাণীটিকে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম শুরু হয়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে শুধু এই মহিষটিকে দেখতেই চিড়িয়াখানায় আসছেন। শিশুদের মধ্যেও প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেওয়া এই অ্যালবিনো মহিষটি সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। পরে সরকারি সিদ্ধান্তে এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। বর্তমানে প্রাণীটি বিশেষ পরিচর্যার আওতায় রয়েছে এবং কর্তৃপক্ষ আশা করছে, এটি ভবিষ্যতে চিড়িয়াখানার অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হবে।

বিশ্লেষকদের মতে, বিরল প্রাণী সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ‘ডোনাল্ড ট্রাম্প’ একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটি দেশীয় প্রাণিসম্পদের বৈচিত্র্য সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহও বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman