লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পূর্ণ মর্যাদায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা সম্পন্ন

প্রকাশিত: 21 ডিসেম্বর 2025

63 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের নামাজে জানাজা যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। রোববার ২১ ডিসেম্বর সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় ইউনিসফা মিশনের একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও নয়জন আহত হন। জানাজার আগে শহীদদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাঁদের স্বজনরা অনুভূতি প্রকাশ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এছাড়া জাতিসংঘের পক্ষে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজো অফিসার বরিস এফ্রেম চৌমাভি বক্তব্য দেন।

নামাজ শেষে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে সামরিক সচিবরা এবং তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে শহীদদের পরিবারকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করা হয়।

শহীদদের মরদেহ আজ নিজ নিজ জেলা নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী ও কিশোরগঞ্জে পাঠানো হচ্ছে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে। ড্রোন হুমকি মোকাবিলায় সব মিশনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman