লোড হচ্ছে...
লোড হচ্ছে...

“উনি এখন বড় মুফতি হয়েছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিয়ে যাচ্ছেন” : জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

খুলনা ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে বলেছেন, লন্ডন থেকে ফিরে তিনি এখন বড় মুফতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং কে মুসলমান আর কে কাফের সে বিষয়ে ফতোয়া দিচ্ছেন।

শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রচারণার অংশ।

গোলাম পরওয়ার বলেন, তারা ধারণা করেছিলেন বিদেশে অবস্থানের কারণে তারেক রহমানের মধ্যে কিছু রাজনৈতিক পরিপক্বতা আসতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তিনি ধর্মীয় বিষয়ে এমন মন্তব্য করছেন, যা ইসলামি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, আল্লাহ, রাসুল ও আখেরাতে বিশ্বাসী কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে কাফের বলতে পারেন না এবং এ ধরনের বক্তব্য বড় অপরাধের শামিল।

সমাবেশে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে “দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ” হিসেবে আখ্যা দেন। তার ভাষায়, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের লড়াই নয়, ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বর্তমান সময়ের সংগ্রাম সেখানেই সীমাবদ্ধ।

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় অনেক দল পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল, যা রাজনৈতিক মতভেদ হতে পারে, কিন্তু অপরাধ নয়। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে এবং দলটির গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।

সমাবেশের শেষ দিকে গোলাম পরওয়ার উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটি দেশের আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

সমাবেশে খুলনা জেলা জামায়াতে ইসলামীর একাধিক নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman