দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
হাতিয়া উপজেলার নলচিরা ঘাটসংলগ্ন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্ট গার্ড স্টেশন এ বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাতিয়া থানা-এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে জ্বালানি তেল আনা-নেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানো না হলে এ ধরনের চোরাচালান বন্ধ করা কঠিন।
