লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাবিতে আন্তধর্মীয় সম্প্রীতি র্যালি

প্রকাশিত: 01 ফেব্রুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এক আন্তধর্মীয় সম্প্রীতি র্যালি। রোববার ০১ ফেব্রুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালিটি বের হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে আন্তধর্মীয় সম্প্রীতির কোনো বিকল্প নেই। সমাজে বিভাজন নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের চর্চা বাড়াতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী নুরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়া ছাড়া একটি সুস্থ সমাজ কল্পনা করা যায় না। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই যদি এই চর্চা জোরদার করা যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল ও মানবিক হিসেবে গড়ে উঠবে।

বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরাও। তাদের মতে, বহুত্ববাদী সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এমন আয়োজন নিয়মিত হওয়া জরুরি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman