দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরানে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে বলে দাবি করেছে দেশটির সংশ্লিষ্ট সংস্থাগুলো। ইরানের ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত হামলায় অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এক্টিভিস্টস নিউজ এজেন্সী (HRANA) আলাদা হিসাব দিয়ে বলেছে, নিহতদের মধ্যে অন্তত ৭৪২ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে। সংস্থাটি দাবি করেছে, বিভিন্ন শহরে বিমান হামলা ও সামরিক অভিযানের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি অভিযোগ করেছেন, হামলার সময় দেশের অন্তত নয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি চিকিৎসা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের গান্ধী হাসপাটালকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। তাদের দাবি, সামরিক লক্ষ্যবস্তু ছাড়া অন্য কোথাও আঘাত হানার নির্দেশ দেওয়া হয়নি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, হতাহতের প্রকৃত সংখ্যা ও হামলার প্রকৃতি নিয়ে উভয় পক্ষের বিপরীত দাবির কারণে তথ্য যাচাই এখনো কঠিন হয়ে রয়েছে। স্বাধীন তদন্ত ছাড়া ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট হওয়া কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
