লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত

প্রকাশিত: 21 জানুয়ারী 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল তিনটার দিকে তিনি জাদুঘর প্রাঙ্গণে পৌঁছে অভ্যুত্থানের পেছনের ইতিহাস, ফ্যাসিস্ট শাসনের দমনপীড়ন এবং শহীদদের আত্মত্যাগের দলিল ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিরা। উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য, গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের প্রতিনিধিরা, গুম থেকে ফেরত ভিকটিম এবং জুলাই অভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ নথি, সংবাদপত্রের কাটিং, অডিও ভিডিওসহ নানা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার দৃশ্যও প্রদর্শিত হচ্ছে। সেখানে প্রদর্শিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রে গুম, রাষ্ট্রীয় নিপীড়ন এবং অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এমন একটি জাদুঘর নির্মাণ গোটা বিশ্বের জন্য বিরল দৃষ্টান্ত। তিনি বলেন, জাতি যেন আর কখনো এমন নৃশংস সময়ের মুখোমুখি না হয়, সেই শিক্ষা নেওয়ার জায়গা হিসেবেই এই জাদুঘর। ভবিষ্যতে জাতি দিশেহারা হলে এখান থেকেই পথ খুঁজে পাবে।

তিনি শিক্ষার্থীসহ সব নাগরিককে অন্তত একদিন সময় নিয়ে এই জাদুঘর দেখার আহ্বান জানান। আয়নাঘর পরিদর্শনের মাধ্যমে বন্দিদের অমানবিক যন্ত্রণার বাস্তবতা অনুভব করার কথাও বলেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অল্প সময়ে এই পর্যায়ে কাজ পৌঁছানো সম্ভব হয়েছে বহু তরুণের স্বেচ্ছাশ্রমে। নির্বাচন আগেই জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman