লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী প্রতিরোধ: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: 25 ফেব্রুয়ারী 2026

95 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চাঁদাবাজি অবিলম্বে বন্ধ না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কাফরুল উত্তর ও দক্ষিণ থানা।

জামায়াতের আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। তবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনে ভোটাধিকার রক্ষায় শক্ত অবস্থান নেওয়ার কথাও জানান।

তিনি বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন এবং অধিকার আদায়ে কাজ করবেন। ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।

চাঁদাবাজির প্রসঙ্গে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই কার্যক্রম বন্ধ করতে হবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা এবং প্রবাসীদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি অনুসরণের জন্য সরকারি দলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের দল সংসদে অর্থবহ বিরোধী দলের ভূমিকা রাখবে।

ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতাকর্মী, ওলামা ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman