লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে এনসিপি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ত ইস্যুতে জোর

প্রকাশিত: 22 মে 2026

10 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সভা, সেমিনার ও সংবাদ সম্মেলনকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এবার মাঠপর্যায়ের কর্মসূচিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, ঈদুল আজহার পর থেকে দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, নাগরিক সেবা, শ্রমিক অধিকার ও জনজীবনের বিভিন্ন সংকট নিয়ে সরাসরি মাঠে নামবে দলটি।

দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান তৈরির লক্ষ্যেই এই কৌশলগত পরিবর্তন আনছে এনসিপি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পর দলটি মূলত সংস্কার, বিচার ও সাংবিধানিক পরিবর্তনের ইস্যুতে সক্রিয় ছিল। তবে সাধারণ মানুষের দৈনন্দিন সংকট নিয়ে মাঠপর্যায়ে তাদের উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে মনে করছেন দলটির নেতারা।

সম্প্রতি জাতীয় যুবশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও দলীয় নেতাকর্মীদের “ইনডোর রাজনীতি” কমিয়ে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করতেই ঈদের পর নতুন কর্মসূচি শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হিসেবে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পায় এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো জোটগত সিদ্ধান্ত হয়নি। দলটির নেতারা বলছেন, আপাতত তারা একক প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের আগে পরিস্থিতি বিবেচনায় জোটের বিষয়ে সিদ্ধান্ত হবে।

এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বহিষ্কৃত নেতাদের দলে টানার উদ্যোগও নিয়েছে এনসিপি। বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন নেতা এবং জামায়াতের সাবেক নেতাদের যোগদানের ঘটনা দলটির সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের অপরাধে জড়িত নন এমন কিছু সাংগঠনিকভাবে দক্ষ নেতাকেও ভবিষ্যতে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংবিধান সংস্কার প্রশ্নেও আলাদা অবস্থান নিয়েছে এনসিপি। দলটি সংসদীয় কমিটির মাধ্যমে সীমিত সংশোধনের বদলে গণভোটভিত্তিক “সংবিধান সংস্কার পরিষদ” গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ না দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন দলটির নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত এনসিপির জন্য গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। তবে দলটির সামনে বড় চ্যালেঞ্জ হবে সংগঠন বিস্তার, জোট রাজনীতির ভারসাম্য রক্ষা এবং জনআকাঙ্ক্ষার সঙ্গে বাস্তব রাজনৈতিক সক্ষমতার সমন্বয় ঘটানো।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman